Views Bangladesh Logo

মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির একদল নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে আরোপিত শাস্তি বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১২ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। পরে একই দিনের দুপুরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ২৫ থেকে ৩০ জন ব্যক্তি একটি ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ব্যানারে লেখা ছিল, ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্রদের ওপর আরোপিত সকল বেআইনি নিপীড়নমূলক শাস্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল’।

ব্যানারে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ ছিল। এছাড়া সেখানে মিছিলে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবিও দেখা যায়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ