Views Bangladesh Logo

দুই বছর পর টুঙ্গিপাড়ায় খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে আবারও সাংগঠনিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) কার্যালয়টি খোলার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ফটকও খুলে সেখানে সমবেত হন তাঁরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন নেতা-কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছালে নেতা-কর্মীরা সেটি খুলে দেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় তাঁরা বিভিন্ন দলীয় স্লোগান দেন।

মিছিলের নেতৃত্ব দেওয়া শেখ ইফতি জামান পল্লব সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই নেতা-কর্মীরা সংগঠিত হয়েছেন। তাঁদের বসার ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিতে কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, প্রশাসনের মাধ্যমে এত দিন কার্যালয়টি বন্ধ রাখা হয়েছিল।

বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রসঙ্গে পল্লব বলেন, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়, বরং পুরো দেশের মানুষের। স্থানীয় বাসিন্দাদের জন্য সমাধিসৌধ উন্মুক্ত রাখার কথা জানিয়ে তিনি টুঙ্গিপাড়া থেকে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেন।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করেন। সেখানে সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।

এ ঘটনায় পুলিশের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ৭ আগস্ট সর্বশেষ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেদিনও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন তাঁরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ