কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ এবং সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন।
শুক্রবার (২৬ জুন) সকাল ৮টার দিকে জেলা শহরের রথখলা এলাকা থেকে জেলা কমিটির ব্যানারে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বত্রিশ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে অনেকের হাতে বৈঠা ও লাঠি দেখা গেছে। এ সময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।
জানা গেছে, মিছিলে অংশ নেওয়া অনেকেই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিনের সমর্থক। মিছিলে তার নামেও স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
জেলা ছাত্রলীগের সম্পাদক পরিষদের সদস্য তানিম ইসলাম ও রতন মিয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মী মিছিলে অংশ নেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, ফেসবুকের মাধ্যমে মিছিলের বিষয়ে জানতে পেরেছেন তারা। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন