হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছিলেন চট্টগ্রামের পটিয়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল। সোমবার রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এই সময়ের মধ্যেই রাত সাড়ে নয়টার দিকে পটিয়া পৌর সদরের আদালত জামে মসজিদ চত্বরে মায়ের জানাজায় অংশ নেন তিনি।
জানা গেছে, ওইদিন দুপুরে আওয়ামী লীগের উপজেলা শাখার সহ-সভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৮০) মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। পৌর সদরের ওয়াদপা রোড এলাকায় তাদের বাড়ি।
মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হলে পাঁচ ঘণ্টার জন্য তা মঞ্জুর করা হয়। এরপর পুলিশের পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়ায় আনা হয় আইয়ুব বাবুলকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জানাজার সময় তাঁর এক হাতে হাতকড়া লাগানো ছিল। জানাজায় মায়ের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান আইয়ুব বাবুল। তিনি বলেন, ‘আমি মায়ের সেবা করতে পারিনি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ।’
তাঁর স্ত্রী চাঁদ সুলতানা জানান, জানাজা শেষে বাড়িতে এসে খাবার খান আইয়ুব বাবুল। এরপর নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্যারোলে মুক্তি পাওয়া ওই আওয়ামী লীগ নেতা পুলিশের পাহারায় জানাজায় অংশ নিয়েছেন এবং নির্ধারিত সময় শেষে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব বাবুলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। গত বছরের ২৯ এপ্রিল থেকে কারাগারে আছেন তিনি।
মতামত দিন