Views Bangladesh Logo

৫ আগস্টে নাশকতা করার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দেশে নাশকতা চালানোর মতো কোনো সক্ষমতা নেই। তবে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ৫ আগস্টকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে নাশকতা চালানোর মতো শক্তি বা সক্ষমতা নেই। তবে বিদেশে অবস্থান করে দলটির কিছু সদস্য মাঝেমধ্যে বিভিন্ন ধরনের তৎপরতার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা হয়েছে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার জামিন বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদেশে বাংলাদেশের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন কোন ভিত্তিতে তাকে জামিন দেওয়া হয়েছে, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দীন আহমদ বলেন, সার্জিও গোর বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের প্রতি আস্থার কথাও জানিয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ