শিল্পাঞ্চলে আজ ও কাল খোলা থাকবে ব্যাংক
তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে এবং রপ্তানি বিল ক্রয় কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, সরকারি ছুটি ও ঈদ উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ব্যাংক শাখা খোলা রাখা হবে।
যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, সেগুলো হলো—ঢাকা মহানগরী, আশুলিয়া ও সাভার, টঙ্গী ও গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম।
নির্দেশনা অনুযায়ী, এই দুই দিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। অফিস কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা প্রদান করতে বলা হয়েছে। একই সঙ্গে লেনদেনের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে