Views Bangladesh Logo

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে সার্কুলার পাঠিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথ প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় (সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম) ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, গ্রাহকদের সঙ্গে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বন্দর সংলগ্ন ব্যাংক শাখাগুলো ১৭ ও ২০–২৩ মার্চ ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় লেনদেন চালাবে।

২১ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপিত হলে সেদিন দেশের সকল ব্যাংক সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিশেষ সময়সূচীর মাধ্যমে ঈদের ছুটিতেও দেশের বৈদেশিক বাণিজ্য এবং শিল্প খাতের আর্থিক লেনদেনে কোনো স্থবিরতা আসবে না। এছাড়া রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানিমুখী শিল্পের পাওনা পরিশোধ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্যাংকগুলোকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি ব্যাংকিং সেবা অব্যাহত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা ছুটির দিনগুলোতেও প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ