Views Bangladesh Logo

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের লেনদেনের সময় কমালো কেন্দ্রীয় ব্যাংক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের ব্যাংকিং লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

শনিবার জারি করা এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক জানায়, এখন থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন চলত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং দাপ্তরিক কাজ চলত সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা নির্ধারণ করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি ব্যয় কমানোর বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী, দোকানপাট ও বিপণিবিতানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে সরকারি ব্যয়ও নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আগামী তিন মাস সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে নতুন যানবাহন, জলযান, আকাশযান ও কম্পিউটার সামগ্রী কেনা বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং বিদেশে সরকারি অর্থায়নে প্রশিক্ষণ ও ভ্রমণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ