Views Bangladesh Logo

জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে কেন্দ্রীয় ব্যাংকের 'বাংলা কিউআর' চালু করা বাধ্যতামূলক করা হয়েছে।

এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও অপারেটরদের (পিএসও) জন্যও একই নিয়ম কার্যকর হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, নতুন এই নিয়ম মানা সবার জন্য বাধ্যতামূলক।

কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে 'পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস অ্যাক্ট ২০২৪'-এর ৩৭(৫) ধারা এবং অন্যান্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা এবং দায়ীদের তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা হতে পারে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মার্চেন্ট পয়েন্টে স্পষ্টভাবে 'বাংলা কিউআর' প্রদর্শন করতে হবে। ব্যাংক ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সমন্বয় ও আন্তঃকার্যকারিতা নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মার্চেন্ট পয়েন্ট তদারকি করতে হবে। কোনো মার্চেন্ট পেমেন্টের বদলে 'বাংলা কিউআর' ব্যবহার করে ক্যাশ-আউট সুবিধা দিলে তাৎক্ষণিকভাবে তার কিউআর সুবিধা বাতিল করতে হবে। গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, একটি নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেই 'বাংলা কিউআর' চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকরা নির্দিষ্ট একটি অ্যাপের ওপর নির্ভর না থেকে যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

২০২৩ সালে এই আন্তঃকার্যক্ষম ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদহীন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে কিউআর পেমেন্ট সুবিধা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ