ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে লাগবে ৬০ হাজার কোটি টাকা: গভর্নর
ব্যাপক আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে দেশের ব্যাংক খাতকে পুনরায় শক্ত ভিতের ওপর দাঁড় করাতে আগামী ৫ থেকে ৮ বছর ধরে জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক পিএলসি আয়োজিত ‘বাংলা কিউআর’ লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ব্যাংক খাতে ঘটে যাওয়া বিগত দিনের অনিয়ম ও অর্থপাচারের ভয়াবহ রূপ তুলে ধরে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, তিনি যখন গভর্নরের দায়িত্ব নেন, তখন ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশই লুট হয়ে গিয়েছিল।
আর্থিক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার সুযোগব্যয় (অপরচুনিটি কস্ট) ব্যাখ্যা করে গভর্নর বলেন, এই পরিমাণ অর্থ দিয়ে সরকার দেশের দুই কোটি পরিবারকে সরাসরি সহায়তা দিতে পারত অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করা সম্ভব হতো।
ব্যাংকিং ব্যবস্থায় সৃষ্টি হওয়া বিদ্যমান তারল্য সংকটের পেছনে যারা দায়ী, তাদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, লুটেরা গোষ্ঠী জনগণের অর্থ লুট করেছে। এটি সাধারণ চুরি নয়; এটি ছিল লুটপাট।
তবে সংকট কাটিয়ে উঠতে এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। গভর্নর মোস্তাকুর রহমান সাধারণ আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, ব্যাপক আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং লুট হওয়া সম্পদ পুনরুদ্ধারে ইতোমধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মতামত দিন