রমজানে ব্যাংক লেনদেন সময় কমলো এক ঘণ্টা, পুঁজিবাজারে আধা ঘণ্টা
আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন সময় কমানো হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রোজায় ব্যাংকগুলোতে লেনদেন সকাল ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে এবং চলবে বেলা আড়াইটা পর্যন্ত। স্বাভাবিক সময়ে যেখানে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়, সেখানে রমজানে তা এক ঘণ্টা কমানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এই সময়েও ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ লেনদেন স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন আড়াইটায় শেষ হলেও দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। রমজান ও ঈদ শেষে আবার আগের সময়সূচিতে ফিরবে ব্যাংকিং কার্যক্রম।
অন্যদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রমজানে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে। ডিএসইর অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। ঈদুল ফিতরের ছুটির পর অফিস ও লেনদেন সময় আবার স্বাভাবিক নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন এবং অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে।
এদিকে রমজান শুরুর দিন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সাধারণ সময়ে সরকারি দপ্তরে কাজ চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে