Views Bangladesh Logo

ময়মনসিংহে চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনকে মারধরের অভিযোগ

ময়মনসিংহে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং তাদের কাছ থেকে নির্মাণসামগ্রী না কেনার জেরে এক ব্যাংক কর্মকর্তা, তাঁর স্ত্রীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) দুপুরে ভুক্তভোগী পরিবারটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শেরপুরের বাসিন্দা নজরুল ইসলাম জনতা ব্যাংকের ময়মনসিংহ চরপাড়া শাখায় কর্মরত আছেন। ২০২৩ সালে তিনি নগরীর ময়নার মোড় এলাকায় চার শতক জমি কেনেন। এরপর প্রায় ছয়-সাত মাস আগে সেখানে পাঁচতলাবিশিষ্ট একটি ভবনের নির্মাণকাজ শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, কাজ শুরুর পর থেকেই স্থানীয় সাইফুল ইসলাম (৪০) ও তার সহযোগীরা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিল। একই সঙ্গে তাদের কাছ থেকেই নির্মাণসামগ্রী কেনার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তিনি তাদের কথা না শুনে নিজের পছন্দমতো মালামাল কিনে কাজ চালিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা।

এরই ধারাবাহিকতায় গত রোববার বিকেলে অভিযুক্তরা আবারও নির্মাণাধীন বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে মালামাল কেনার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় ওই দিনই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হন নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, তার ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর আকস্মিক হামলা চালায়। এরপর আরও বেশ কয়েকজন এসে তাদেরকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্রধারী কয়েকজনকেও হামলায় অংশ নিতে দেখা যায়। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন মাসুমা হায়াতও। হামলাকারীরা চাকু দিয়ে প্রতিবেশী সাকিম আহম্মেদের মাথায় আঘাত করে।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ‘আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িটি তৈরি করছি। তারা শুরু থেকেই চাঁদা চাচ্ছিল আর জোর করে মালামাল গছিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ভেবেছিলাম বিষয়টিকে হুমকি-ধমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু এভাবে যে আমাদের ওপর সশরীরে প্রাণঘাতী হামলা চালানো হবে তা কল্পনাও করতে পারিনি। আমি এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আহত প্রতিবেশী সাকিম আহম্মেদ জানান, তারা তিনজন মিলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ ৫ থেকে ৭ জন যুবক দৌড়ে এসে কোনো কিছু বোঝার আগেই হামলা চালায় এবং একজন ধারালো চাকু দিয়ে তাঁর মাথায় আঘাত করে।

এ ঘটনায় সোমবার দুপুরে সাইফুল ইসলামকে প্রধান অভিযুক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নজরুল ইসলাম।

এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভবন নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলার বিষয়টি তারা জানতে পেরেছেন। লিখিত অভিযোগটি জমা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ