Views Bangladesh Logo

গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেনও যাচাই করা হচ্ছে।

এনবিআরের গোয়েন্দা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনের সময় মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়া এবং অর্থায়নের সঙ্গে এসব ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। সে ভিত্তিতেই তাদের আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মো. সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও সাবেক জনপ্রতিনিধিদের নামও রয়েছে।

তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ।

এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও রয়েছেন তালিকায়।

এনবিআরের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ৯৭ ব্যক্তির পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হচ্ছে। এ কাজে এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে কাজ করছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথি, আয়-ব্যয়, ব্যাংক লেনদেন এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন এমএফএস হিসাবের তথ্য মিলিয়ে দেখছে। তাদের আয়ের উৎসও অনুসন্ধান করা হচ্ছে।

এনবিআরের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব ব্যক্তি মাঠের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অর্থ দিয়েও সক্রিয় ছিলেন। এ কারণে তাদের ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে।

এদিকে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের পাশাপাশি থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ