হরমুজে ফের বাধার মুখে 'বাংলার জয়যাত্রা'
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর পর আবারও বাধার মুখে পড়েছে। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের কিছুক্ষণ পরই জাহাজটিকে থামিয়ে দেওয়া হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দিলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেটিকে থামিয়ে দেওয়া হয়।
জানা গেছে, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই বাংলার জয়যাত্রা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পৃথক অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে।
কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। একই সঙ্গে জানানো হয়, আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, “এটি খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় আমরা ধারণা করেছিলাম প্রণালিটি উন্মুক্ত করা হয়েছে। প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ তখন হরমুজের উদ্দেশে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের অনুসরণ করে এগিয়ে যায়।”
তিনি আরও জানান, জাহাজটি যে গতিতে চলছিল, তাতে ভোর ৩টার দিকে হরমুজ অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করা সম্ভব ছিল। কিন্তু হঠাৎ ইরানি নৌবাহিনীর নির্দেশে সব জাহাজের গতিরোধ করা হয়।
এর আগে ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন আটকে ছিল বাংলার জয়যাত্রা। ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রথমবার হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। পরে শারজাহ বন্দরে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে