রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ বার্ষিক সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের দ্বিপক্ষীয় মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে সামরিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি পাবে।
মহড়ায় জঙ্গলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া দুই দেশের সেনাসদস্যরা একে অপরের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরও গভীর ধারণা লাভের সুযোগ পাবেন।
মার্কিন দূতাবাস জানায়, টাইগার লাইটনিং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ।
এই মহড়ার মূল লক্ষ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করা, সামরিক দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) আরও উন্নত করা।
টাইগার লাইটনিং ২০১৭ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া হিসেবে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে বন্ধ থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের প্রশিক্ষণের সমন্বয়ে পরিচালিত হবে। শেষ ধাপে একটি পূর্ণাঙ্গ মাঠ মহড়ার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
মতামত দিন