Views Bangladesh Logo

জাপানে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের রোবোটিকস দল অ্যাটলাস

জাপানের ওসাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতার উদ্যোক্তা চ্যালেঞ্জে বিশ্বসেরা হয়েছে বাংলাদেশের দল অ্যাটলাস। ১৯টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। বাংলাদেশের এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আলভি আহমেদ খান আহনাফ, মো. সাফওয়াত জামান ও অরণী সাহা।

গত ১০ থেকে ১২ আগস্ট জাপানের ওসাকার গ্র্যান্ড কিউব ওসাকা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবক, রোবোটিকসপ্রেমী ও প্রযুক্তি নিয়ে কাজ করা শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি নতুন ধারণা, সমস্যা সমাধানের দক্ষতা, প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ এবং উদ্যোক্তা হিসেবে সম্ভাবনাও যাচাই করা হয়।

উদ্যোক্তা চ্যালেঞ্জে বাংলাদেশের দলটির প্রকল্প ছিল ‘হাইড্রাজ’। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এ স্মার্ট মৎস্য চাষ প্ল্যাটফর্মের লক্ষ্য মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন ও ব্যবস্থাপনা আরও কার্যকর করা। প্রকল্পটিতে ইন্টারনেট অব থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার ভিশনের সমন্বয় ঘটানো হয়েছে।

‘হাইড্রাজ’ মাছের খামারের পানির বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণের পাশাপাশি মাছের আচরণ ও খাদ্য গ্রহণের বিষয়েও নজর রাখতে পারে। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি শনাক্তের চেষ্টা করে প্ল্যাটফর্মটি। এরপর খামার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার মাধ্যমে মাছ চাষিদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার ব্যবস্থা রয়েছে এতে।

বিশ্বের ১৯টি দেশের দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। দেশগুলোর মধ্যে ছিল চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ম্যাকাও, মিসর, ফিলিপাইন, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, পোল্যান্ড, গ্রিস, কানাডা, যুক্তরাষ্ট্র ও স্লোভাকিয়া। এসব দেশের প্রতিযোগীদের টপকে উদ্যোক্তা চ্যালেঞ্জে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ।

দল অ্যাটলাসের মেন্টর হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সানি জুবায়ের ও জান্নাতুল ফেরদৌস ফাবিন। তাঁদের দিকনির্দেশনায় দলের কনিষ্ঠ সদস্যরা প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে তৈরি প্রকল্পটি আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করেন। জাপানে এই বিশ্বজয় বাংলাদেশের তরুণদের রোবোটিকস ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সক্ষমতার একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ