ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ সোহেলী
ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে সব ধরনের ক্রিকেটে সোহেলীকে ৫ বছর নিষিদ্ধ করা হয়েছে। আইসিসি দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করায় এই শাস্তি হয়েছে তার। সোহেলী এই শাস্তি মেনে নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়ান সোহেলী। একটি পক্ষের সঙ্গে চুক্তি করে ম্যাচের ফল, প্রক্রিয়াকে প্রভাবিত করেন এবং আন্তর্জাতিক ম্যাচে নিজের ইচ্ছে মতো ভালো খেলেননি।
বিজ্ঞপ্তিতে আইসিসি বলে, ধারা ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ভঙ্গ করেছেন সোহেলী। এসব ধারায় বলা হয়েছে, ফিক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু গ্রহণ করা, চাওয়া অথবা প্রস্তাব দেয়া, সরাসরি অথবা সম্মুখে না থেকেও ম্যাচের ফলকে প্রভাবিত করার জন্য অনুরোধ, প্রলোভন দেখানো, প্ররোচিত করা অপরাধ। এমন প্রস্তাব পেয়েও বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটকে জানাননি এই নারী ক্রিকেটার। যেকারণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সময় লেগেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে