সৌদি জোটে যোগদান কৌশলগত, ইরানবিরোধী নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হুতি গোষ্ঠীর সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ। তবে এই সিদ্ধান্তকে ইরানবিরোধী কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের এ জোটে যোগদানের পেছনের কারণ জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা শুধু হজ, ওমরাহ বা ধর্মীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, সৌদি আরব ইসলামের দুটি পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক। সে কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদি আরবের নিরাপত্তা বা স্থিতিশীলতার প্রশ্নে সহযোগিতার প্রয়োজন হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক ও আত্মিক দায়বদ্ধতা থেকে ইতিবাচক ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আরও বলেন, এই প্রতিরক্ষা সহযোগিতার মূল লক্ষ্য হুতিদের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা। একই সঙ্গে বাংলাদেশ ইরানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, তাই সৌদি নেতৃত্বাধীন এই জোটে বাংলাদেশের অংশগ্রহণকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা দেশটির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ওপরই গুরুত্ব দেয়।
মতামত দিন