আইডব্লিউজি গ্লোবাল সামিটে যোগ দিতে যুক্তরাজ্যে সারওয়াত সিরাজ
ক্রীড়াঙ্গনে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং সদ্য নিযুক্ত জেন্ডার ইকুইটি কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
মর্যাদাপূর্ণ এই তিন দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন আগামী ৯ থেকে ১১ জুলাই যুক্তরাজ্যের বার্মিংহামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১ হাজার ২০০-এর বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতির পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীদের সার্বিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের সরকারি কমিটি গঠিত হয়েছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। দেশজুড়ে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে সরকারের চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের প্রেক্ষাপটে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, এই সামিটে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের ক্রীড়া কূটনীতির ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
যুক্তরাজ্য সফরের আগে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘বাংলাদেশে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগ করতে চাই।’
তিন দিনের এই সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক এবং বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং ও বিশেষ আলোচনা সেশনে অংশ নেবেন।
মতামত দিন