মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের হয়ে ভিয়েতনামে সামানজার সাঈদ
বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ৭৩-তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হওয়া এই আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করাই এখন তাঁর সবচেয়ে বড় লক্ষ্য। সামানজারের ভাষায়, মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা সামানজার সাঈদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। গ্র্যাজুয়েশন শেষ করার পর কৌতূহল থেকেই প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন। একের পর এক ধাপ পেরিয়ে বিজয়ী হওয়ার পরও নিজের সাফল্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বলে জানান তিনি।
সামানজারের মতে, মিস ওয়ার্ল্ড কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এখানে ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ। বিজয়ী হওয়ার পর তিনি ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনা বিষয়ে বিশেষ গ্রুমিং নিয়েছেন, যা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
শুধু পড়াশোনাই নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর আগ্রহ। চার বছর কথক ও ভরতনাট্যম নাচ শিখেছেন। গান, নাচ এবং খেলাধুলার প্রতিও তাঁর ঝোঁক রয়েছে। অবসরে চলচ্চিত্র দেখতে ভালোবাসেন এবং বাস্কেটবল ও টেবিল টেনিস খেলেন। ভবিষ্যতে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অভিনয়েও কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
গত ১১ জুলাই সামানজার সাঈদকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে।
মতামত দিন