সাফে বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত, শুরু শ্রীলঙ্কার বিপক্ষে
ঢাকায় অনুষ্ঠেয় ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। দুই সপ্তাহের এই আসর চলবে ৪ থেকে ১৭ নভেম্বর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
আগস্টের শুরুতে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। স্বাগতিকদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে নেপালকে রাখা হয়নি এবং পরবর্তী সময়েও নিষেধাজ্ঞা বহাল থাকায় ছয় দল নিয়েই এবারের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৪ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ১০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক দল। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ৭ নভেম্বর খেলবে শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ৫ নভেম্বর ভারত ও পাকিস্তান এবং ৮ নভেম্বর পাকিস্তান ও মালদ্বীপ মুখোমুখি হবে। ১১ নভেম্বর ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টটি বাংলাদেশে ফিরছে আট বছর পর। সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশের জন্য এবারের আসর বিশেষ গুরুত্বের। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফের তৃতীয় আসরে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর ট্রফি ঘরে তুলতে পারেনি লাল-সবুজের দল। এবার ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের।
উল্লেখ্য, এবারের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের তারিখ ও ভেন্যু আগেই নিশ্চিত করেছিল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে পুরো প্রতিযোগিতা।
মতামত দিন