১০ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি
চলমান অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি, আমদানি ও ভোগব্যয়ে মন্থরতা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে স্থবিরতার কারণে সরকারের রাজস্ব আহরণে এবার দৃশ্যমান চাপ তৈরি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছে এনবিআর।
এনবিআরের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৯৫ হাজার ৬০১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা। এই ১০ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬০ শতাংশ। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪২১ কোটি ২৭ লাখ টাকা। এর বিপরীতে আয়কর, মূসক (ভ্যাট) ও শুল্ক মিলিয়ে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি ১৬ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় বিশাল ঘাটতি তৈরি হয়েছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শুল্ক, ভ্যাট ও আয়কর—তিনটি প্রধান উৎসের কোনোটিই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। যদিও শুল্ক খাতে ৮ দশমিক ৮৭ শতাংশ, ভ্যাটে ১১ দশমিক ১ শতাংশ এবং আয়করে ১১ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণ নীতি বহাল থাকায় আমদানি নির্ভর রাজস্ব আদায়ে চাপ তৈরি হয়েছে। অপরদিকে, বাজারে চাহিদা কমে যাওয়ায় ভ্যাট সংগ্রহে কাঙ্ক্ষিত গতি আসছে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে