Views Bangladesh Logo

গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এ দেওয়া বাংলাদেশের সংরক্ষণী শর্ত প্রত্যাহারের বিষয়ে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অনুচ্ছেদ ১৪(১)-সংক্রান্ত ঘোষণাপত্র প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনবিরোধী কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয় এবং বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এতে অনুসমর্থন দিয়েছে। বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটি অনুসমর্থন করে। তবে অনুচ্ছেদ ১৪(১)-এর ক্ষেত্রে বাংলাদেশসহ বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া ও যুক্তরাষ্ট্র—মোট পাঁচটি রাষ্ট্র সংরক্ষণী শর্ত আরোপ করেছিল।

এই সংরক্ষণী শর্তের কারণে এতদিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার পূর্ণভাবে কার্যকর করা সম্ভব হয়নি। সংরক্ষণী শর্ত প্রত্যাহারের ফলে এখন রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার পথ উন্মুক্ত হলো। একই সঙ্গে নির্যাতনের কারণে কোনো ভুক্তভোগীর মৃত্যু হলে, তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এর মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে, পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। উল্লেখ্য, মানবাধিকার কর্মীরা দীর্ঘ প্রায় দুই দশক ধরে এই দাবি জানিয়ে আসছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ