মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করেছি।
শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। এই সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন, দেশের মানুষের অর্জন।
সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। গত ২১ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তার প্রথম সরকারি ছয় দিনের সফর সম্পন্ন করেন।
সফরের সাফল্যের জন্য জাতীয় সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হলে তিনি সংসদ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দলের একটি মূল স্লোগান হলো ‘বাংলাদেশ প্রথম’। আমরা সব সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি।”
তিনি বিরোধীদলীয় নেতাকেও ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য বিরোধী দলের পক্ষ থেকেও সহযোগিতা ও উৎসাহ পাওয়া গেছে।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্রীয় সফরের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। পরে এ প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন এবং কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আলোচনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
প্রস্তাবটি ভোটে দেওয়ার আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আলোচনায় অংশ নেওয়া সদস্যদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে।
মালয়েশিয়া ও চীনে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মতামত দিন