Views Bangladesh Logo

বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে পাকিস্তান-শ্রীলঙ্কায়: যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার জরিপ

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের কাছে বাংলাদেশের ভাবমূর্তি এখন তুলনামূলক ভালো। তবে ভারতে চিত্রটা ঠিক উল্টো। সেখানে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব গত দুই বছরে আরও নিচে নেমেছে।

জরিপে বলা হয়, একই সময়ে বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গিতেও লক্ষণীয় পরিবর্তন এসেছে: ভারত সম্পর্কে তাদের ইতিবাচক মনোভাব কমেছে, আর পাকিস্তানের প্রতি বেড়েছে আগ্রহ ও উষ্ণতা।

জরিপে দক্ষিণ এশিয়ার এই চার দেশের বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তাদের মনোভাব। ফলাফলে দেখা যায়, পাকিস্তানের ৬৬ শতাংশ মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন, শ্রীলঙ্কায় এই হার ৫৬ শতাংশ অর্থাৎ দুই দেশেই অর্ধেকের বেশি মানুষের চোখে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। এর বিপরীতে ভারতে মাত্র ২৫ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন।

গত দুই বছরের প্রবণতা বিশ্লেষণ করলেও একই চিত্র মেলে। ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচকতা বেড়েছে ৯ শতাংশ পয়েন্ট, অথচ ভারতে তা কমেছে ১০ শতাংশ পয়েন্ট।

জরিপে দাবি করা হয়, পরিবর্তন দেখা গেছে বাংলাদেশিদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতেও। ভারতের প্রতি তাদের ইতিবাচক মনোভাব ২০২৪ সালের তুলনায় ১৫ শতাংশ পয়েন্ট কমে এখন দাঁড়িয়েছে ৪২ শতাংশে।

উল্টো দিকে, পাকিস্তানের প্রতি বাংলাদেশিদের সমর্থন বেড়েছে চোখে পড়ার মতো। ২০২৪ সালে যেখানে মাত্র ৪০ শতাংশ বাংলাদেশি পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখতেন, এবার তা বেড়ে হয়েছে ৫৪ শতাংশ অর্থাৎ দুই বছরে ১৪ শতাংশ পয়েন্টের উল্লম্ফন।

আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নেও বাংলাদেশের অবস্থান আলাদাভাবে ধরা পড়েছে জরিপে। বাংলাদেশ ও পাকিস্তানের মানুষ নিজ নিজ দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে সবচেয়ে বেশিবার নাম নিয়েছেন ভারতের। এর বিপরীত চিত্র শ্রীলঙ্কায়, সেখানকার ৬৩ শতাংশ মানুষ ভারতকেই মনে করেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র।

চার দেশের মধ্যে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তি অবশ্য শ্রীলঙ্কার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, তিন দেশেরই প্রায় অর্ধেক মানুষ শ্রীলঙ্কাকে দেখেন ইতিবাচক দৃষ্টিতে।

গত ১৩ আগস্ট প্রকাশিত এই জরিপের সামগ্রিক ফলাফল বলছে, গত দুই বছরে দক্ষিণ এশিয়ার জনমতে বাংলাদেশকে নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে—পাকিস্তান ও শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি সদ্ভাব বেড়েছে বা আগে থেকেই উঁচুতে ছিল, অথচ ভারতে তা নিম্নমুখী। সমান্তরালভাবে বাংলাদেশিদের মধ্যেও ভারতের প্রতি আগ্রহ কমে পাকিস্তানের প্রতি বেড়েছে সহানুভূতি, দাবি করে জরিপের তথ্য। 

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ