দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান: সংসদে ববি হাজ্জাজ
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে দেশের শিক্ষা ব্যবস্থার মান উদ্বেগজনকভাবে নেমে গেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) স্তরের শিক্ষার মানকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমপর্যায়ে বিবেচনা করা হয়।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, বিগত দুই দশকে শিক্ষা খাতে নানা ধরনের অব্যবস্থাপনা ও নৈরাজ্যের কারণে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব এখন উচ্চশিক্ষা পর্যায়েও দৃশ্যমান। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা অর্জন করতেও ব্যর্থ হচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পার্শ্ববর্তী উন্নত দেশ সিঙ্গাপুরে বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষাকে তাদের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়।
প্রতিমন্ত্রী জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।
শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশের জন্য কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। এজন্য প্রাথমিক স্তর থেকেই ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে পাঠ্যক্রমের অংশ করা হচ্ছে।
এ উদ্যোগের সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, একটি আধুনিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলার বিকল্প নেই। এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা দেশের শিক্ষা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে।
বাজেট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। সেই ধারাবাহিকতায় এবার শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বড় বরাদ্দ রাখা হয়েছে।
তিনি জানান, অতীতে শিক্ষা খাতে জিডিপির ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ শতাংশ ব্যয় করা হলেও এবার তা বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে। ভবিষ্যতে এই হার ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও জাতীয় উন্নয়নের এই লক্ষ্য অর্জনে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন