Views Bangladesh Logo

টানা তৃতীয় শিরোপার স্বপ্ন ভেঙে দিল ভারত, সাফে রানারআপ বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের মেয়েদের।

শনিবার ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই সতর্ক ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। তবে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল দলটি। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দারুণ ক্রসে ঠিকমতো সংযোগ করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। দুই মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট করেন তহুরা খাতুন।

১৬ মিনিটে ভারতও গোলের সহজ সুযোগ পায়। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফাঁকা জাল পেয়েও শট বাইরে মারেন ভারতের অ্যাস্টাম ওরাওন।

ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। ভারতের ফরোয়ার্ড পিয়ারি জাক্সাকে থামাতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার সুরভীর গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। তবে বিরতিতে যাওয়ার আগে দ্রুত সমতা ফেরায় বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তহুরার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ৪৮ সেকেন্ড পরই আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ। পিয়ারি জাক্সার ক্রস থেকে সানফিদা হেডে বল জালে পাঠিয়ে ভারতের ব্যবধান ২-১ করেন।

এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৫১ মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহারের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৫৮ মিনিটে ভারতীয় বক্সে শামসুন্নাহার পড়ে গেলে বাংলাদেশ পেনাল্টির জোরালো দাবি জানালেও রেফারি তাতে সাড়া দেননি।

ম্যাচের ৮৩ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোল করেন ভারতের কম সেজের্তো। সেই গোলেই বাংলাদেশের প্রত্যাবর্তনের সব আশা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে ভারত নারী ফুটবল দল। অন্যদিকে টানা তৃতীয়বার সাফ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ নারী ফুটবল দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ