রেমিট্যান্স প্রবাহে গতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.২২৬ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, গত ১১ মে পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলে বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার। সে হিসাবে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
শুধু চলতি বছরের ১ থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ৮৬৪ মিলিয়ন ডলারের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি।
এ ছাড়া ৭ থেকে ৯ মে—এই তিন দিনেই দেশে এসেছে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজীকরণ এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে