Views Bangladesh Logo

১৮৫ দেশে বাংলাদেশের পতাকা, বিশ্বভ্রমণে নতুন ইতিহাস নাজমুন নাহারের

বিশ্বভ্রমণে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি পরিব্রাজক নাজমুন নাহার। গত ৭ আগস্ট ভুটান সফরের মধ্য দিয়ে ১৮৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এবং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে জাতীয় পতাকা হাতে এতগুলো দেশ ভ্রমণের অনন্য নজির গড়েছেন নাজমুন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বাহামা সফরের মধ্য দিয়ে ১৮৪তম দেশ ভ্রমণের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

দীর্ঘ ২৬ বছরের এই অভিযাত্রায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেছেন নাজমুন। পর্বত, মরুভূমি, সমুদ্র, দ্বীপ, দুর্গম সীমান্তসহ নানা প্রতিকূল ভূখণ্ড পাড়ি দিয়ে তিনি ভ্রমণ করেছেন। বিশেষ করে সলো ট্রাভেলার হিসেবে বহু স্থানে সড়কপথে যাত্রা করেছেন তিনি। পথ চলতে নানা ঝুঁকি ও প্রতিকূলতার মুখোমুখি হলেও বিশ্ব দেখার স্বপ্ন থেকে পিছিয়ে যাননি এই পরিব্রাজক।

২০০০ সালে ভারতের একটি আন্তর্জাতিক অভিযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে নাজমুনের বিশ্বভ্রমণের শুরু। এরপর একে একে দেশের সংখ্যা বাড়াতে থাকেন তিনি। ২০১৮ সালের ১ জুন জিম্বাবুয়ে সফরের মাধ্যমে ১০০তম দেশের মাইলফলক অর্জন করেন। ২০২১ সালের ৬ অক্টোবর সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে সফরে ১৫০তম দেশে পৌঁছান। এরপর ২০২৪ সালে ভানুয়াতুতে ১৭৫তম এবং ২০২৫ সালের শেষ দিকে বাহামায় গিয়ে ১৮৪তম দেশের মাইলফলক স্পর্শ করেন।

ভ্রমণকে শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি নাজমুন। বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্জনের কথা তুলে ধরেছেন। পাশাপাশি ‘নো ওয়ার, অনলি পিস’, ‘সেভ দ্য প্ল্যানেট’ ও ‘স্টপ চাইল্ড ম্যারেজ’সহ শান্তি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। তরুণদের স্বপ্ন দেখতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে তা বাস্তবায়নে উৎসাহিত করতেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিয়েছেন।

দীর্ঘ এই পথচলার স্বীকৃতিও মিলেছে নানা সময়ে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে তিনি পেয়েছেন বহু সম্মাননা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউএস-বাংলা এয়ারলাইনস তাকে ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহনের স্বীকৃতিস্বরূপ ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ উপাধিতে সম্মানিত করে। প্রতিষ্ঠানটি তার এই যাত্রাকে সাহস, শান্তি, ঐক্য ও পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে উল্লেখ করে।

ভুটান সফর সম্পর্কে নাজমুন জানিয়েছেন, দেশটির পাহাড়ি প্রকৃতি ও হিমালয়ের নৈসর্গ তাকে মুগ্ধ করেছে। পারো, থিম্পু, পুনাখা, দোচুলা, বুমথাং, ফোবজিখা ও হা ভ্যালিসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন তিনি। ১৮৫টি দেশের এই দীর্ঘ অভিযাত্রায় নাজমুন নাহারের হাতে থাকা লাল-সবুজ পতাকা এখন শুধু ভ্রমণের প্রতীক নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের পরিচয় ও একজন বাংলাদেশি নারীর অদম্য সাহসের প্রতিনিধিত্ব করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ