বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি
বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্র থেকে ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সিইসি বলেন, গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক, এসপিদের সঙ্গে কথা বলেছি। তাদের আমি বলেছি, কারো পক্ষে কাজ করতে পারবেন না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আপনার আশেপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন, তিনি এটার সাক্ষী দিতে পারবেন।
তিনি আরও বলেন, আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান রাখতে হবে। আমি সেই চেষ্টা করছি।
সিইসি সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে মন্তব্য করে বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও এবং এআই-জেনারেটেড ছবি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। সবগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এগুলোর অনেক কিছুই সীমান্তের ওপার থেকে আসে। ফলে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি। আশা করি জনগণও সত্য-মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার করবে।
ঢাকা-৮ আসনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবার সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে