দেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা সোয়া ৬ লাখ কোটি টাকারও বেশি। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। বর্তমানে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে সময় মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ও হার দুটিই বেড়েছে।
প্রতিবেদনে দেখা যায়, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের মার্চ প্রান্তিকে তা আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। তবে অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা কমলেও পরবর্তী সময়ে আবারও ঊর্ধ্বমুখী হয়।
সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির কারণে বিপুল পরিমাণ ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়ে। এর প্রভাবেই খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে ওই সরকারের মেয়াদের শেষ পর্যায়ে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ওই সময় ব্যাংক খাতের প্রকৃত আর্থিক পরিস্থিতি প্রকাশের উদ্যোগ নেওয়া হলে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। একই সময়ে ঋণখেলাপি অনেক গ্রাহক প্রকাশ্যে না আসায় ঋণ আদায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরবর্তী সময়ে খেলাপি ঋণ কমাতে বিশেষ শর্তে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এতে সাময়িকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমে আসে।
তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। সেপ্টেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের এক-তৃতীয়াংশের বেশি খেলাপি হয়ে পড়ায় ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মতামত দিন