Views Bangladesh Logo

সশস্ত্র বাহিনীর ইতিহাস দেশের জন্ম ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে জাতির গর্বের প্রতিষ্ঠান উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর ইতিহাস একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর নির্ভীক সদস্যরা যৌথভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন।’

তিনি জানান, ওই সমন্বিত অভিযানে মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনতাও কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন, যা যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। সেই থেকেই প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য, দেশের স্বাধীনতার ইতিহাস ও সশস্ত্র বাহিনীর ইতিহাস অবিচ্ছেদ্য। স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তখন সশস্ত্র বাহিনীরই একজন কর্মকর্তা ছিলেন উল্লেখ করে তিনি একে বাহিনীর ইতিহাসে ‘অনন্য, গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক’ ঘটনা বলে অভিহিত করেন।

সাহস, বীরত্ব ও শৃঙ্খলাবদ্ধ প্রতিশ্রুতির ওপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা দেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। দেশপ্রেমিক সদস্যরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সজাগ প্রহরীর ভূমিকা পালন করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

বিশ্বশান্তি রক্ষায় বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করেছে বলে মনে করেন তিনি। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। শান্তিরক্ষী প্রেরণকারী শীর্ষ দেশগুলোর কাতারে বাংলাদেশের অবস্থান জাতীয় গর্বের বিষয় এবং এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়িয়েছে বলে তিনি যোগ করেন।

তারেক রহমান আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত রাখবে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জাতীয় সংকটে বাহিনীর দৃঢ় ভূমিকা তাদের জনআস্থার প্রতীকে পরিণত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, গতিশীল ও আধুনিক বাহিনীতে রূপান্তর করেন এবং সুপ্রশিক্ষিত ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল বলে জানান তিনি।

বর্তমান সরকারও সশস্ত্র বাহিনীকে উন্নত দেশগুলোর মানদণ্ডে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে ও তা বাস্তবায়ন করছে বলে জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীকে একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও বীরত্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশবিরোধী শক্তি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী সফলভাবে তাদের পথচলা অব্যাহত রেখেছে।

২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এর মধ্যে সাত বীরশ্রেষ্ঠের নামও উল্লেখ করেন: সিপাহি মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহি হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

সবশেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন এবং বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করেন

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ