Views Bangladesh Logo

এমএলএসে নতুন রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বয়স মাত্র ১৬। এরই মধ্যে একের পর এক রেকর্ড গড়ে মার্কিন ফুটবলে নিজের নাম লিখিয়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। এবার মেজর লিগ সকারে (এমএলএস) আরেকটি কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই ফরোয়ার্ড।

সিএফ মন্ট্রিলের বিপক্ষে গোল করে প্রথম কোনো টিনেজার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন কাভান। এর আগে এমএলএস ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ডও করেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৩৬ দিন।

রবিবার (৬ সেপ্টেম্বর) মন্ট্রিলের বিপক্ষে ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচের ৫৭ মিনিটে দলকে এগিয়ে দেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে কাভান সুলিভানের গোলে জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া।

কাভানের গোলটিই ম্যাচের আলোচনার কেন্দ্রে। ফিলাডেলফিয়ার এক খেলোয়াড় বক্সে ঢুকে শট নেওয়ার আগে মন্ট্রিলের গোলরক্ষকের কাছে পরাস্ত হন। সেই সময় পেছন থেকে দৌড়ে এসে এক শটেই বল জালে পাঠান কাভান। পথে একাধিক প্রতিপক্ষের বাধাও এড়িয়ে যান তিনি।

এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে কাভানের গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। সঙ্গে আছে সাতটি অ্যাসিস্ট। অর্থাৎ ১১ গোলে সরাসরি অবদান রেখেছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।

এমএলএসে ১৬ বছর বা তার কম বয়সী কোনো টিনেজার ফুটবলারের চলতি মৌসুমে ১১টি গোলে অবদান রাখাই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০০৫ সালে ১০ গোলে অবদান রেখে এই রেকর্ডের মালিক ছিলেন ফ্রেডি আদু। সেবার চার গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

চার ‘সুলিভান ভাই’-এর মধ্যে সবচেয়ে ছোট কাভান। বয়সের তুলনায় তাঁর এমন ধারাবাহিক পারফরম্যান্স ইতিমধ্যেই তাঁকে এমএলএসের অন্যতম আলোচিত তরুণ ফুটবলারে পরিণত করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ