ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এবার যুক্ত হলো লাল-সবুজের গর্ব। আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে সরাসরি পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। এবার জানা গেল, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামেও জায়গা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার ফিফা খবরটি প্রকাশ করে, যা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন সঞ্জয়।
এক পোস্টে নিজের অনুভূতি জানিয়ে সঞ্জয় লেখেন, দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে দুই ভিন্ন সংস্কৃতির মাঝে বেড়ে ওঠার দিনগুলোতে গান তৈরিতেই সময় কাটত তার, আর স্বপ্ন দেখতেন এমন কিছু গান বানানোর, যা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নেবে।
নিজের এই অর্জনকে গর্বের উল্লেখ করে তিনি লেখেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন তালিকাভুক্ত শিল্পী হতে পারা তাঁর জন্য বড় প্রাপ্তি; নিজেদের তৈরি একটি গান বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাক হতে যাচ্ছে—এটি ভাবতেই তাঁর কাছে অন্যরকম লাগছে।
সাফল্যকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না এই শিল্পী। তরুণদের উদ্দেশে তিনি লেখেন, এটি কেবল তার একার জয় নয়; বরং সেই সব শিশুরও জয়, যারা ছোট্ট ঘরে বসে আকাশছোঁয়া স্বপ্ন দেখার সাহস রাখে।
বিশ্বকাপের এই বিশেষ অ্যালবামে সঞ্জয়ের গানটির শিরোনাম ‘সির সির’। গানটিতে তার সঙ্গে আছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম।

মতামত দিন