বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
বৃষ্টির ধারা এমনই ছিল যে আধঘণ্টা অপেক্ষা করলেও খেলা শুরু সম্ভব হতো না। তাই ২ ঘণ্টা ১৯ মিনিট অপেক্ষার পর আর দেরি না করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল সিদ্ধান্ত — 'বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত।'
বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আশায় বৃষ্টির মধ্যেও গ্যালারিতে তখনো হাজারখানেক দর্শক অপেক্ষায় ছিলেন। আগের ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেকে হয়তো ভেবেছিলেন আজই সিরিজ জয়ের সাক্ষী হবেন। সেটা আর হলো না।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জেতায় আজ জিতলেই সিরিজ নিশ্চিত করতে পারত বাংলাদেশ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের সিরিজ জয়ের সম্ভাবনা এখন আর নেই, বাংলাদেশও সিরিজ হারবে না। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২ মের শেষ টি-টোয়েন্টি জিতলে নিউজিল্যান্ড বড়জোর ১-১-এ ড্র করতে পারবে। আর বাংলাদেশ জিতলে সিরিজও যাবে তাদের ঘরে ২-০-তে।
সারা দেশে গত পরশু থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ থেকে চট্টগ্রামও বাদ পড়েনি। গতকাল সারা দিন বৃষ্টির পর আজ সকালে কিছুটা বিরতি মিললেও সাড়ে দশটার দিকে আবার মুষলধারে বৃষ্টি নামে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা দুটায়। বৃষ্টির কারণে টসও হয়নি। বৃষ্টি থামার অপেক্ষায় ৩টা ১০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয় এবং বিকাল ৪টা ১৯ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে।
চট্টগ্রামের দর্শকেরা খেলা দেখতে না পারলেও বাড়ি ফিরেছেন স্বস্তির খবর নিয়ে। বিসিবি জানিয়েছে, এই ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে