Views Bangladesh Logo

বৃষ্টির কারনে বাংলাদেশ- নিউজিল্যান্ড ম্যাচের টসে দেরি, খেলা নিয়ে অনিশ্চয়তা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের টস নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। দুপুর থেকেই বন্দরনগরীতে টানা ঝুম বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আজ দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বেলা ১২টার পর থেকেই বৃষ্টি শুরু হয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও মাঠ পুরোপুরি কাভার দিয়ে ঢেকে রাখতে হয়।

এর আগে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামে ৭০ থেকে ৯০ শতাংশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ম্যাচ কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে। মাঠের উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা থাকায় বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা সম্ভব হবে। তবে দীর্ঘ সময় বৃষ্টি চললে ওভার কমিয়ে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে না এলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।

প্রথম টি–টোয়েন্টিতে দারুণ জয় পাওয়া বাংলাদেশ আজ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ নিয়ে মাঠে নামার কথা ছিল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে মরিয়া নিউজিল্যান্ড। তবে সবকিছু এখন নির্ভর করছে আবহাওয়ার ওপর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ