Views Bangladesh Logo

বাংলাদেশ-নেপালে বসছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ও নেপালে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল। স্বাগতিক বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে উদ্বোধনী দিনেই। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

দুই দেশের চারটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। নেপালের কাঠমান্ডুতে খেলা হবে টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দল অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

২১ জানুয়ারি উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। অন্য স্বাগতিক নেপাল নিজেদের প্রথম ম্যাচ খেলবে পরদিন আয়ারল্যান্ডের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর উত্তীর্ণ দলগুলো খেলবে সুপার সিক্স পর্বে। সেখানে দলগুলো দুটি গ্রুপে ভাগ হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। একই মাঠে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ