বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অভিবাসন, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) এবং সমুদ্রপথে যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
রোববার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৈঠকে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে সরাসরি সমুদ্রপথে জাহাজ চলাচল চালুর বিষয়েও মতবিনিময় হয়।
ড. খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির কথা পুনর্ব্যক্ত করে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া রোববার রাতে এ তথ্য জানিয়েছেন।
মতামত দিন