বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে: ভারত
আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত নেবে বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, "আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান বারবার তুলে ধরেছি। সেইসাথে এটি এমন একটি বিষয় যা বাংলাদেশের জনগণকে নিজেদের সিদ্ধান্ত নিতে হবে।"
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এবং তাদের গণতান্ত্রিক ব্যবস্থা এটি কার্যকর করবে। আমরা এ বিষয়টি বারবার বলে আসছি।
তবে নির্বাচনের সময় ঘোষণা হলেও বিরোধীদলগুলো তা প্রত্যাখান করেছে এ বিষয়ে ভারতের মন্তব্য জানতে চাইলে কোনো উত্তর দেননি অরিন্দম বাগচি।
কিন্তু তিনি বলেন, ভারত স্পষ্ট করে বলেছে বাংলাদেশের নির্বাচন ঢাকার অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
ভারত-যুক্তরাষ্ট্র ৫ম বার্ষিক পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ২+২ বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সম্প্রতি নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, "আমরা খুব বিস্তৃতভাবে আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে শেয়ার করেছি।"
এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন। এ বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করা ভারতের কাজ নয়। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশ গঠনে দেশটির দৃষ্টিভঙ্গি সমর্থন করে যাবে।
ভারত এর আগে বলেছিল, তারা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি গঠনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সমর্থন অব্যাহত রাখবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে