কানাডার এমপি হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম
কানাডার কেন্দ্রীয় রাজনীতিতে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ডলি বেগম। সম্প্রতি তিনি দেশটির ফেডারেল পার্লামেন্টের সদস্য (এমপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
কানাডার স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে উপ-নির্বাচনে জয়ী হয়ে তিনি এই দায়িত্ব লাভ করেন। এর মাধ্যমে পার্লামেন্টে তার দলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শপথ গ্রহণ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডলি বেগম এই মুহূর্তটিকে গভীর সম্মান ও বিশেষ মর্যাদার বলে অভিহিত করেছেন। তিনি তার নির্বাচনী এলাকার জনগণের সেবা করার এবং জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি তার অগ্রাধিকারের কথা উল্লেখ করে বলেন, ‘আমার মূল লক্ষ্য হবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ কানাডা গড়ার পথে কাজ করা।’
ডলি বেগম দীর্ঘ বছর ধরে স্কারবরো অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। কেন্দ্রীয় রাজনীতিতে আসার আগে তিনি অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে (এমপিপি) টানা তিনবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ এবং ২০২২ সালে তিনি নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রাদেশিক পর্যায়ে নিজের যোগ্যতা প্রমাণ করেন।
ডলি বেগমের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। মাত্র ১২ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার এই শপথ গ্রহণ কানাডার মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাবের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে