লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি তরুণ সাকিব আলীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার শহরের অভিজাত এলাকা মেরিনা ডেল রে’র একটি অ্যাপার্টমেন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সাকিব আলী ওই বাসায় একাকী থাকতেন। কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার বাবা-মা জর্জিয়ার আটলান্টা থেকে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে অ্যাপার্টমেন্টের কোড ব্যবহার করে দরজা খুলে শয়নকক্ষের মেঝেতে সাকিবের মরদেহ দেখতে পায়।
স্থানীয় সূত্রের ধারণা, দুই দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সাকিব আলী তথ্যপ্রযুক্তিতে উচ্চশিক্ষা সম্পন্ন করে কর্মজীবন শুরু করেন টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি-তে। পরবর্তীতে তিনি ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে যোগ দেন এবং কর্মসূত্রে ফ্লোরিডা হয়ে লস অ্যাঞ্জেলেসে বসবাস শুরু করেন।
তার মরদেহ জর্জিয়ায় নেওয়ার আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাকিবের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে