Views Bangladesh Logo

সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি তরুণকে নির্যাতনের অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ফেনীর পরশুরামে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন (২০) নামের এক তরুণকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বুধবার (৪ ডিসেম্বর) ভোরে পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদ ইয়াসিন বিলোনিয়ার ভারত সীমান্ত সংলগ্ন কাঁটাতারের পাশে গেলে ভারতীয় সীমান্তররক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে ধরে নিয়ে যায়। বিএসএফ তাঁকে ব্যাপক মারধর করে মাথায় গুরুতর জখম করে। পরে বিএসএফ আহত ইয়াসিনকে বিলোনিয়া পুলিশের কাছে সোপর্দ করে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, নির্যাতিত মোহাম্মদ ইয়াসিন (২০) আহত হয়েছেন এবং বর্তমানে ভারতের ত্রিপুরার একটি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ইয়াসিনকে বিলোনিয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার শান্তিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করেছে। পুলিশ তাদের দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’

এদিকে ইয়াসিনের মা রাহেলা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে পেশায় একজন টমটম চালক। আজ ভোরে সীমান্তবর্তী এলাকায় গেলে ভারতীয় বিএসএফেরা তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁকে মারধর করে গুরুতর জখম করে। ছেলেকে ফেরত আনতে আমি বাংলাদেশের বিজিবিসহ সংলিষ্ট সকলের সহযোগিতা চাই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ