নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে উইন রোজারিও (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নিউ ইয়র্কের কুইন্সে ওজোন পার্কের ১০৩ তম স্ট্রিটে এক অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সী ওই তরুণকে তার নিজ বাড়িতে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গুলি চালানোর পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়। গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন তিনি।
কর্মকর্তারা আরও বলেন, উইন রোজারিও নামের ওই তরুণ এক জোড়া কাঁচি দিয়ে পুলিশ অফিসারদের দিকে তেড়ে যান এবং এরপরই একপর্যায়ে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
তবে এই গুলি চালানোর ঘটনার পুলিশি বিবরণের বিরোধিতা করেছেন নিহতের ভাই। তিনি বলেছেন, তার মা ছেলেকে আটকাচ্ছিলেন। পুলিশ অফিসারদের গুলি করার দরকার ছিল না।
এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে পুলিশ ডিপার্টমেন্টের টহল প্রধান জন চেল বলেছেন, দুজন অফিসার মানসিক যন্ত্রণায় থাকা এক ব্যক্তি সম্পর্কে ৯১১ নম্বরে ফোনকলের প্রতিক্রিয়ায় অ্যাপার্টমেন্টে যাওয়ার পরে গুলি চালানোর এ ঘটনা ঘটে।
তিনি বলেন, সেখানে পরিস্থিতি ‘বেশ উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খল এবং বিপজ্জনক ছিল। পুলিশ মনে করছে, নিহত রোজারিও নিজেই ৯১১ নম্বরে কল করেছিলেন।
চিফ চেল বলেন, অ্যাপার্টমেন্টে যাওয়ার পর অফিসাররা রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে তিনি একটি ড্রয়ার থেকে কাঁচি বের করে অফিসারদের দিকে ধেয়ে আসেন। পরে উভয় অফিসারই রোজারিওর ওপর টেজারের মাধ্যমে গুলি করেন এবং তাকে পরাস্ত করা হয়।
মতামত দিন