Views Bangladesh Logo

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের ভেতরে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ঘটনাস্থলটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায়।
বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে তারা মিয়াসহ চার-পাঁচজন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাঁদের গতিরোধ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে বাংলাদেশে এসে আত্মগোপন করেন।

রবিবার (৯ আগস্ট) ভোরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। তিনি জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, নিহত চোরাকারবারী দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ