কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম প্রদীপ বৈদ্য (২৫)। তার বাবার নাম শৈলেন্দ্র বৈদ্য। তিনি কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার বিষয়ে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ জানান, শনিবার (৩১ মে) দিবাগত রাতের কোনো এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কৈলাশহর উপজেলার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে বিএসএফ সদস্যরা প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তারা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মিসিং সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়নি। বিএসএফের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে, প্রদীপ বৈদ্যের মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিষয়টি যেহেতু সীমান্ত এলাকায় ঘটেছে, তাই মূল দায়িত্ব বিজিবির। তবে তারাও শুনেছেন যে, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন এবং তার মরদেহ ভারতে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে