Views Bangladesh Logo

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় গুলি ছুড়ে আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর কাছে এ ঘটনা ঘটে।

আটক যুবক আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ২০–২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করে। তারা কাঁটাতারের ওপর দিয়ে গরু, জিরা, মাদক ও কাপড়সহ বিভিন্ন পণ্য পারাপারের চেষ্টা করছিল।

এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আলী নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, এখনো পর্যন্ত পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমরা বিএসএফকে অবহিত করেছি, কিন্তু তারা এখনো কোনো জবাব দেয়নি। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ