সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসার সিঁড়িতে পড়ে মাথায় আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দার একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে সৌরভের সঙ্গে থাকা এক ব্যক্তি ফোন করে তার স্বজনদের মৃত্যুর খবর জানান।
নিহত সৌরভ রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমিরুল ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে ‘টি-বয়’ হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, সৌরভ প্রায় পাঁচ বছর ধরে জেদ্দায় চাকরি করছিলেন। এক বছর আগে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে যান। মঙ্গলবার ভোরে তিনি যে বাসায় থাকতেন, সেটির ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেদ্দার দিকে আসার খবর ও মোবাইলে অ্যালার্মের শব্দ শুনে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন তিনি।
তারা আরও জানান, নামার সময় পায়ে তার বা রশি পেঁচিয়ে তিনি সিঁড়িতে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তার সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় সৌদি পুলিশের আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা সৌরভের বাবা আমিরুল ইসলাম বলেন, ‘সে ছিল আমার একমাত্র ছেলে। এখন ছেলের মুখটা দেখে নিজ হাতে মাটি দিতে চাই। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ছেলের লাশ দেশে এনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
মতামত দিন