Views Bangladesh Logo

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে একটি স্টোরে হাতুড়ি দিয়ে আঘাত করে এক বাংলাদেশি প্রবাসী নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নিহতের নাম ইয়াসমিন, তিনি ফোর্ট মায়ার্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী ছিলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল প্রায় ৭টা ১৪ মিনিটে ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারী হাতুড়ি দিয়ে ইয়াসমিনের ওপর আক্রমণ চালায়।

ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস-এর জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে এসে ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে সকাল ৭টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি, যার মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে বলে জানা গেছে, প্রথমে স্টোরের বাইরে একটি গাড়ি ভাঙচুর করে। পরে ইয়াসমিন বাইরে বের হলে তার ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে হলুদ গ্রাফিক টি-শার্ট, কালো শর্টস পরা ছিল এবং একটি ব্যাকপ্যাক বহন করছিল।

ঘটনার পর কে-নাইন ইউনিট এবং লি কাউন্টি শেরিফের এভিয়েশন ইউনিটসহ ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয় এবং আশপাশের স্কুলগুলো লকডাউন করা হয়। পরে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলেও ফোর্ট মায়ার্স পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি হাফ স্ট্রিটের একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারেন।

ইয়াসমিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়নে। তার মৃত্যু ফ্লোরিডা এবং যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।

পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ