Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের দাফন জামালপুরে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে তার পৈতৃক বাড়িতে দাফন করা হবে। মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজ সকাল ৮টায় মরদেহ দেশে পৌঁছায়। এরপর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার উদ্দেশে রওনা দেওয়া হলে দুপুর ৩টায় মরদেহ গ্রামে পৌঁছায়।

শেষবারের মতো লিমনকে দেখতে স্বজনেরা একে একে গ্রামের বাড়িতে আসতে শুরু করেছেন। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন।

নিহত লিমনের জেঠা মাহবুবুর রহমান বলেন, লিমন ছিল আমাদের আলোর প্রদীপ। উচ্চশিক্ষার জন্য তাকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু সে যে লাশ হয়ে ফিরবে— এটা মেনে নিতে পারছি না।

তিনি জানান, পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে এবং মাগরিবের পর পাশের স্কুলমাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস উভয়কে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ