Views Bangladesh Logo

নিউইয়র্কে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি এক তরুণীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) রাত ১২টার দিকে কুইন্সের উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত জান্নাত (১৯) সিটি কলেজ অব নিউইয়র্কের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, একটি ময়লার ট্রাক রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী চলছিল। ৬২ স্ট্রিটে ডানদিকে মোড় নেওয়ার সময় ট্রাকটি নিশাতকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসাসেবা কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাত জান্নাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তিনি জানান, উন্নত ভবিষ্যতের আশায় আট বছর আগে পরিবারসহ নিউইয়র্কে পাড়ি জমান তারা। চার বোনের মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়।

নিহতের বড় বোন নওশিন জান্নাত বলেন, আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউইয়র্কেই তাকে দাফন করা হবে।

দুর্ঘটনায় ট্রাকচালক ৩৮ বছর বয়সী এক নারী সামান্য আহত হন এবং ঘটনাস্থলেই চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটির মালিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ